রাজধানী
যেভাবে পরিচয় শনাক্ত হলো শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশকারীর মরদেহের
নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পকেটে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি।
টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ২৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
তিনি বলেন, মরদেহটির পরনে সাদা পায়জামা ও কালো জামা ছিল। মুখে হালকা দাড়ি এবং হাতে একটি ঘড়ি ছিল। এ ছাড়া তার পকেটে একটি আইফোন পাওয়া যায়।
পুলিশ ওই আইফোনের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করে। পরে জানা যায়, মরদেহটি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির।
বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।