সারাবিশ্ব

এক দিনেই ৮৫০ কোটি ডলার বেড়ে আবারও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

এক দিনেই ৮৫০ কোটি ডলার বেড়ে আবারও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি
ছবি: সংগৃহীত

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির সম্পদ মাত্র এক দিনেই বেড়েছে ৮৫০ কোটি ডলার। এর ফলে আবারও এশিয়ার শীর্ষ ধনীর আসন ফিরে পেয়েছেন তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ায় বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝাং ইমিংকে পেছনে ফেলেছেন আম্বানি।

সোমবার (২ নভেম্বর) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম গত ছয় বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হারে বেড়েছে। এর আগে গত ২৮ অক্টোবর আম্বানির নিয়ন্ত্রণাধীন জিও প্ল্যাটফর্মসের শেয়ারবাজারে তালিকাভুক্তিও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে অভিষেক আম্বানির সম্পদ বৃদ্ধিতে বাড়তি ভূমিকা রেখেছে।

ফোর্বসের তাৎক্ষণিক শতকোটিপতি তালিকা অনুযায়ী, সোমবার আম্বানির সম্পদ ১০ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮০ কোটি ডলারে। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ২৩তম স্থানে উঠে এসেছেন তিনি। অন্যদিকে ঝাং ইমিংয়ের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৪০০ কোটি ডলারে।

আম্বানির সম্পদ বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রিলায়েন্সের শেয়ারের দরবৃদ্ধি। সোমবার বোম্বে স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের দাম ১১ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৯ রুপিতে পৌঁছায়। এতে এক দিনেই প্রতিষ্ঠানটির বাজারমূল্য বেড়েছে ১ হাজার ৯০০ কোটি ডলারের বেশি।

কোম্পানিটির সর্বশেষ ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে। জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে রিলায়েন্সের আয় হয়েছে ২৫ হাজার ৫৫০ কোটি রুপি, যা প্রায় ২৭০ কোটি ডলারের সমান। অথচ বিশ্লেষকেরা এ সময়ে ২১ হাজার ৩৬৭ কোটি রুপি বা প্রায় ২৩৩ কোটি ডলার আয়ের পূর্বাভাস দিয়েছিলেন।

বিশেষ করে তেল পরিশোধন ও রাসায়নিক পণ্য উৎপাদন ব্যবসায় ভালো ফল এবং টেলিযোগাযোগ খাতে মুনাফা বৃদ্ধির কারণে কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও জোরালো হয়েছে।

এদিকে গত ২৮ অক্টোবর আম্বানির নিয়ন্ত্রণাধীন জিও প্ল্যাটফর্মস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ভারতের ইতিহাসে বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩২০ কোটি ডলার সংগ্রহ করছে। শেয়ারবাজারে আসার সময় জিও প্ল্যাটফর্মসের মূল্যায়ন করা হয় প্রায় ১০ হাজার ৬০০ কোটি ডলার। তালিকাভুক্তির প্রথম দিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছিল ২৭ শতাংশ।

মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তার বাবা ধীরুভাই আম্বানি ১৯৫৭ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বাজারমূল্যের হিসাবে রিলায়েন্স ভারতের বৃহত্তম কোম্পানি। তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল, টেলিযোগাযোগ, খুচরা ব্যবসা, গণমাধ্যম এবং আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। কোম্পানিটির বর্তমান বাজারমূল্য প্রায় ১৮ হাজার ৬০০ কোটি ডলার।

ফোর্বসের ২০২৬ সালের ‘গ্লোবাল ২০০০’ তালিকায় বিশ্বের বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অবস্থান ছিল ৫৫তম। প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রির পরিমাণ ১১ হাজার ৯৭০ কোটি ডলার, মোট সম্পদ ২২ হাজার ৯৬০ কোটি ডলার এবং মুনাফা ৯১০ কোটি ডলার।

সূত্র: ফোর্বস ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস