সারাদেশ

রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় দগ্ধ হয়েছেন একজন শ্রমিক।

সোমবার ২ নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় সিম গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার নাইমুল হাসান (৩৫) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি শ্রমিকদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন শ্রমিক আহত হওয়ার তথ্য জানিয়েছেন।

তবে পুলিশের দেওয়া তথ্যের সঙ্গে ভিন্নমত জানিয়েছেন সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। তার দাবি, এ ঘটনায় একজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রেজাউল করিম বলেন, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে একজন শ্রমিক দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্যে দগ্ধ শ্রমিকের সংখ্যা নিয়ে ভিন্নতা থাকায় দুর্ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।