সারাবিশ্ব

শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম

শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত

সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুদ্ধে কোনো পক্ষেরই লাভ হবে না। আলোচনার মাধ্যমে বিরোধ মেটাতে আগ্রহী হলেও শত্রুপক্ষের মিথ্যা ও অন্যায্য দাবি মেনে নেবে না তেহরান।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান বলেন, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে সরকারকে বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্ত স্পষ্ট বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে নিলে নৌ চলাচল স্বাভাবিক করা এবং আলোচনা পুনরায় শুরু করা সম্ভব হবে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি দুই দিনের একটি প্রস্তাবের কথা জানান। প্রস্তাব অনুযায়ী, প্রথম দিন যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পরদিন হরমুজ প্রণালি খুলে দেবে ইরান।

ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, তেল রপ্তানিতে ছাড় পুনর্বহাল এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানো। তবে সোমবার পর্যন্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনায় কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে ৩১ অক্টোবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে যেকোনো ধরনের হুমকির জবাব দেওয়ার নির্দেশ দেন। ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো পরিস্থিতিতে জবাব দেওয়ার প্রস্তুতি রাখার কথাও বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এ কূটনৈতিক তৎপরতা চলছে। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পরপরই ইরানে আবারও হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন। তবে ট্রাম্প আলোচনার জন্য আরও সময় দিতে চান।

সূত্র: শাফাক নিউজ