সারাবিশ্ব

নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপসহ দেশটির বেশ কয়েকটি এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপে সোমবার ২ নভেম্বর এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর জবাবে আত্মরক্ষার অংশ হিসেবে হামলা চালানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের একজন জানিয়েছেন, হামলাটি ছিল সীমিত পরিসরের। এটি বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর কোনো ইঙ্গিত নয় বলেও জানান তিনি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালও দ্বীপটিতে মার্কিন হামলার খবর প্রকাশ করে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, একটি মার্কিন বিমান লক্ষ্য করে ইরান গুলি চালানোর পর আত্মরক্ষার অংশ হিসেবে এ হামলা চালানো হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে আবারও হামলার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে হামলা শুরু হতে পারে বলেও ধারণা তৈরি হয়েছিল।

তবে সোমবার লিংকন মেমোরিয়াল এলাকায় দেওয়া বক্তব্যে ট্রাম্পের মন্তব্যে সেই অবস্থান নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স