সারাবিশ্ব

ভোটের আগে ব্যালট নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে চাপে ট্রাম্প প্রশাসন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম

ভোটের আগে ব্যালট নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে চাপে ট্রাম্প প্রশাসন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০ হাজারের বেশি ভোটারের ব্যালট আলাদা করে রাখার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এসব ভোটার মার্কিন নাগরিক নন বলে সন্দেহ প্রকাশ করেছিল প্রশাসন। তবে আদালতের এ সিদ্ধান্তের ফলে ওই ভোটারদের ব্যালট গণনা থেকে বিরত রাখার বিষয়ে সরকারের জরুরি আবেদন আর কার্যকর থাকছে না।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আবেদন নাকচ করে দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে এ সিদ্ধান্ত এলো। এর আগে নিম্ন আদালত ও আপিল আদালতও প্রশাসনের একই ধরনের আবেদন প্রত্যাখ্যান করেছিল।

মার্কিন বিচার বিভাগের দাবি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তৈরি একটি তালিকায় ক্যালিফোর্নিয়ার ২০ হাজারের বেশি ভোটারের নাম রয়েছে, যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে। এসব ভোটারের ডাকযোগে পাঠানো ব্যালট আলাদা করে রাখা এবং নাগরিকত্ব যাচাই শেষ না হওয়া পর্যন্ত সেগুলোর গণনা স্থগিত রাখতে অঙ্গরাজ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছিল প্রশাসন।

প্রশাসনের যুক্তি ছিল, ব্যালটগুলো অন্য ভোটের সঙ্গে মিশে গেলে পরবর্তী সময়ে অযোগ্য ভোটারদের ভোট শনাক্ত করে আলাদা করা সম্ভব হবে না। তবে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ বলেছে, কেন্দ্রীয় সরকারের দেওয়া তালিকাটি নির্ভরযোগ্য নয়। এতে অনেক মার্কিন নাগরিকের নামও থাকতে পারে। ফলে ওই তালিকার ভিত্তিতে ব্যালট আলাদা করা হলে বৈধ ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।

ক্যালিফোর্নিয়ায় প্রায় ২ কোটি ৩০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। গত ১ অক্টোবর থেকে অঙ্গরাজ্যটিতে ডাকযোগে ব্যালট পাঠানো শুরু হয়। এরই মধ্যে ৬০ লাখের বেশি ব্যালট ফেরত এসেছে। অঙ্গরাজ্যটির কর্মকর্তারা বলছেন, ভোটের কার্যক্রম এতদূর এগিয়ে যাওয়ার পর সন্দেহের ভিত্তিতে ব্যালটগুলো আলাদা করা অত্যন্ত কঠিন।

এর আগে গত সপ্তাহে ফেডারেল বিচারক ডেভিড কার্টার ট্রাম্প প্রশাসনের আবেদন প্রত্যাখ্যান করেন। সরকারের দেওয়া তালিকার তথ্য এবং নাগরিকত্ব যাচাইয়ের পদ্ধতির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পরে আপিল আদালতও প্রশাসনের আবেদন নাকচ করে দেয়।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিদ্বন্দ্বিতা করছে রিপাবলিকানরা। এমন সময়ে ভোটারদের নাগরিকত্ব যাচাই ও ব্যালট গণনা নিয়ে ট্রাম্প প্রশাসন এবং ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের বিরোধ সামনে এসেছে।

ট্রাম্প এর আগে বিভিন্ন সময়ে মার্কিন নির্বাচনে ব্যাপক ভোটার জালিয়াতির অভিযোগ তুলেছেন। তবে বিভিন্ন গবেষণা ও অঙ্গরাজ্য পর্যায়ের নিরীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে অযোগ্য ব্যক্তিদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। বিশেষ করে অ-মার্কিন নাগরিকদের ভোট দেওয়ার ঘটনা খুবই কম।