জাতীয়
বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীতে দুই দিনব্যাপী বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ৩ নভেম্বর সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।
এক্সপোতে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। এতে নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এ সোলার এক্সপোর আয়োজন করা হয়েছে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬ থেকে ২০৩০ বাস্তবায়নে সহায়তা করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করাও এর উদ্দেশ্য।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রদর্শনীতে সরকারি প্রণোদনা, আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট এবং সৌরচালিত সেচব্যবস্থাসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। পাশাপাশি এ খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে।