জাতীয়
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, এসআরবির বর্তমান মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) রাখা হয়। নাম পরিবর্তনের পর এবার নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চলতি বছরের ৭ জুলাই বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফারুক আহমেদ। তিনি ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ায় জন্মগ্রহণ করেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।
১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ফারুক আহমেদ।
প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সেস সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, অপরাধ তদন্ত বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি।
মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। দেশের বিভিন্ন জেলা পুলিশে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কর্মজীবন পরিচালনা করেছেন।
গত ৪ জুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান তিনি। কর্মজীবনে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতেও অংশ নিয়ে আন্তর্জাতিক মানের পুলিশিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।