খেলা

পাঁচ হলুদ কার্ড দেখার পরও যে কারণে নিষিদ্ধ হননি মেসি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

পাঁচ হলুদ কার্ড দেখার পরও যে কারণে নিষিদ্ধ হননি মেসি
ছবি: সংগৃহীত

ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী, পাঁচটি হলুদ কার্ড দেখলে সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয় একজন খেলোয়াড়কে। সেই হিসাবে ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিরও এক ম্যাচ মাঠের বাইরে থাকার কথা ছিল। তবে মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ একটি নিয়মের কারণে নিষেধাজ্ঞা এড়িয়েছেন তিনি।

এমএলএসে পাঁচটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার নিয়ম থাকলেও মেসির ক্ষেত্রে কার্যকর হয়েছে ‘গুড বিহেভিয়ার ইনসেনটিভ’ নামের বিশেষ সুবিধা।

এই নিয়ম অনুযায়ী, টানা পাঁচ ম্যাচে কোনো হলুদ বা লাল কার্ড না দেখলে একজন খেলোয়াড়ের আগের কার্ডের হিসাব থেকে একটি হলুদ কার্ড কমে যায়। তবে একবারে পুরো কার্ডের হিসাব শূন্য করার সুযোগ নেই। পাশাপাশি পুরো মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারেন একজন খেলোয়াড়।

চলতি মৌসুমে মেসি তিনবার টানা পাঁচ ম্যাচ কোনো কার্ড না দেখে কাটিয়েছেন। ফলে নিয়ম অনুযায়ী তার কার্ডের হিসাব থেকে তিনটি হলুদ কার্ড বাদ পড়েছে। বর্তমানে তার কার্যকর হলুদ কার্ডের সংখ্যা মাত্র দুটি। এ কারণেই পাঁচটি হলুদ কার্ড দেখার পরও কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না তাকে।

গত বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে গোলের উদ্দেশে শট নেন তিনি। বল প্রতিহত হওয়ার পর সেটির দখল নিতে গিয়ে সিনসিনাটির ডিফেন্ডার স্যামুয়েল গিদির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মেসি। এ ঘটনার পর রেফারি তাকে হলুদ কার্ড দেখান।

মেসির নিষেধাজ্ঞা এড়ানোর বিষয়টি ইন্টার মায়ামির জন্য স্বস্তির খবর। আগামী ২ নভেম্বর নিউ ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে দলটির।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে মায়ামির চেয়ে মাত্র দুই পয়েন্ট এগিয়ে রয়েছে নিউ ইংল্যান্ড। সমান ৩২ ম্যাচ খেলে নিউ ইংল্যান্ডের সংগ্রহ ৫৮ পয়েন্ট, অন্যদিকে মায়ামির পয়েন্ট ৫৬। ৭১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ন্যাশভিল।

এমন গুরুত্বপূর্ণ সমীকরণের মধ্যে দলের সেরা তারকা মেসিকে মাঠে পাওয়ার সুযোগ পাওয়া ইন্টার মায়ামির শিরোপা লড়াইয়ে বাড়তি স্বস্তি এনে দিয়েছে।