সারাবিশ্ব
পূজার ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় আবাসিক ভবনের ২৩ তলা থেকে পড়ে এক ব্যক্তি ও তার ১১ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার ৩০ অক্টোবর সকালে মহাগুন মাইউডস সোসাইটিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, সকালের পূজার জন্য বারান্দা থেকে ফুল সংগ্রহ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রণদীপ পাত্র, বয়স ৪০ বছর। তার ছেলের নাম আরভ। আবাসিক ভবনটি গৌতম বুদ্ধ নগর জেলার বিসরাখ থানা এলাকায় অবস্থিত। এ ঘটনায় ভবনটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ফুল সংগ্রহের সময় শিশুটি পা পিছলে বারান্দা থেকে ঝুলে পড়ে। ছেলেকে বাঁচাতে এগিয়ে যান বাবা রণদীপ। এ সময় তিনিও ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, একটি পুলিশ রেসপন্স ভেহিকলের মাধ্যমে বিসরাখ থানায় খবর আসে, মহাগুন মাইউডস সোসাইটির ২৩ নম্বর টাওয়ার থেকে দুজন নিচে পড়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
রণদীপের স্ত্রী পুলিশকে জানান, শুক্রবার সকালে তার খাটু শ্যাম মন্দিরে যাওয়ার কথা ছিল। তিনি বাড়ি থেকে বের হওয়ার আগে স্বামী ও ছেলে পূজার ফুল সংগ্রহ করতে বারান্দায় গিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।
সূত্র: এনডিটিভি