জাতীয়

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
ছবি: সংগৃহীত

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার ৩০ অক্টোবর বিকেলে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে এ কার্যক্রম শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার ২৯ অক্টোবর প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ একটি ধাপ শুরু হয়।

এই পর্যায়ে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া তৈরি করা হবে। এর মাধ্যমে ধীরে ধীরে স্থিতিশীল ও নিরাপদভাবে শক্তি উৎপাদন শুরু হবে। এর আগে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশনা অনুযায়ী, রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি ওয়ান’ পর্যায়ের কাজ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে উঠেছে কর্তৃপক্ষ।

এর পরের ধাপ হলো ‘বি টু’। এ পর্যায়ে প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় ক্রিটিক্যালিটি বা চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন তৈরির প্রক্রিয়া।

এই প্রক্রিয়ার মাধ্যমে চুল্লিতে ধাপে ধাপে স্থিতিশীল ও নিরাপদভাবে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। উৎপাদন সক্ষমতা ৩০০ মেগাওয়াটে পৌঁছালে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর ১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে দেশটির পরমাণু শক্তি সংস্থা রোসাটম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।