বিনোদন
অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
ঢাকাই চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা শিবা শানু এবার যুক্ত হলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এ পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড ২ অনুযায়ী বেতন ভাতা পাবেন তিনি। তার নিয়োগের মেয়াদ এক বছর।
শিবা শানুর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত থাকলেও রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি। এবার শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।
বুধবার ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১ এর ১২(২) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
এদিকে শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিতে হলে তাকে এ পদ ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনো নিজের সিদ্ধান্ত জানাননি তিনি।
১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। পরবর্তী সময়ে ঢালিউডে খল অভিনেতা হিসেবে পরিচিতি পান তিনি। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচশ চলচ্চিত্রে অভিনয় করেছেন বলে জানা যায়।