জাতীয়

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলেও দেশের জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই। দলটির মধ্যে গণতান্ত্রিক চর্চা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক ২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। তার ভাষ্য, দলটির মধ্যে গণতন্ত্রের চর্চা ছিল না। বরং তারা স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সরকারের হিসাব অনুযায়ী, এ সংখ্যা ২ হাজারের বেশি। তার অভিযোগ, গণহত্যা ও ব্যাপক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রজনতাকে আওয়ামী লীগ জঙ্গিবাদী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছিল। এমন পরিস্থিতিতে দলটি আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলে তিনি মনে করেন।

আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে সরকার উদ্বিগ্ন নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে কখন দেশে ফিরতে চান, তা নিয়ে সরকার বিচলিত নয়। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। কেউ দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধের অভিযোগ থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি সংসদ সদস্যের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রিমান্ডেও নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।