জাতীয়

ককপিটের ত্রুটি মেরামত শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

ককপিটের ত্রুটি মেরামত শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট
ছবি: সংগৃহীত

ককপিটে কারিগরি ত্রুটি মেরামতের পর প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট।

জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার ২৯ অক্টোবর রাত ১০টা ৪৩ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে, উড়োজাহাজটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটির উড্ডয়ন স্থগিত করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রকৌশলীরা দ্রুত মেরামতের কাজ শুরু করেন। পরে প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল সফলভাবে ত্রুটি মেরামত করে।

জানা যায়, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীদের নিয়ে বিজি ৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে যাত্রীদের বোর্ডিং সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়।

তবে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লার সংক্রান্ত একটি কারিগরি সংকেত দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সফরকালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।