সারাদেশ
রংপুরে ডিভাইডারে ধাক্কা লেগে যাত্রীভর্তি বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০
রংপুরের তারাগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ চলছে।