সারাদেশ
ঠাকুরগাঁও ১ আসনে বড় ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর আসনটির ১৮৫টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়। ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁওয়ের জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৮৩টি কেন্দ্রের ভোট গণনায় মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে মোট পাঁচজন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।