সারাদেশ
পাবনায় মুখোশধারীদের গুলিতে প্রাণ গেল নেতাসহ ২ জনের
পাবনার সদর উপজেলার আতাইকুলা থানা এলাকায় গুলি করে বিএনপি নেতা রিপন হোসেন (৪০) ও পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালামকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পুষ্পপাড়া হাটের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। নিহত আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় ইজারাদারের কক্ষে বসে বৈঠক করছিলেন তারা। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত সেখানে ঢুকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
পরে গুলিবিদ্ধ দুজনকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।