বিনোদন

দুই সন্তানকে নিয়ে সাদামাটা আয়োজনে পরীমণির জন্মদিন উদযাপন


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২০ এএম

দুই সন্তানকে নিয়ে সাদামাটা আয়োজনে পরীমণির জন্মদিন উদযাপন
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন মানেই একসময় ছিল চোখধাঁধানো সাজসজ্জা, জাঁকজমকপূর্ণ আয়োজন আর তারকাদের মিলনমেলা। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই উদযাপনের ধরন। এবার কোনো আড়ম্বর নয়, শরতের শুভ্র শিউলি ফুলের স্নিগ্ধতায় জীবনের বিশেষ দিনটি উদযাপন করেছেন তিনি। এবারের আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।

শনিবার ২৪ অক্টোবর ছিল পরীমণির জন্মদিন। পুরো আয়োজনের মূল ভাবনায় ছিল শরতের শিউলি ফুল। ফুলটির কোমলতা ও প্রকৃতির সৌন্দর্যকে ঘিরেই সাজানো হয় অনুষ্ঠানস্থল। জন্মদিনের পোশাকেও সেই ভাবনার ছাপ রেখেছেন এই অভিনেত্রী।

পরীমণি জানান, অক্টোবর মাস এলেই তার মনে সবার আগে শিউলি ফুলের কথা ভেসে ওঠে। ফুলটির প্রতি বিশেষ ভালো লাগা থেকেই জন্মদিনের আয়োজনের মূল অনুষঙ্গ হিসেবে শিউলিকে বেছে নেন তিনি।

তবে অল্প সময়ের মধ্যেই মলিন হয়ে যাওয়া এই ফুল দিয়ে সাজসজ্জা করা বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব পরিকল্পনা সাজিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অনেকগুলো শিউলি ফুল সংগ্রহের অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু চার থেকে পাঁচ ঘণ্টার বেশি সময় ফুলগুলো সতেজ রাখা কঠিন।

ফুল সংগ্রহের অভিজ্ঞতা জানাতে গিয়ে পরীমণি বলেন, তার এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছিলেন। তবে দ্রুত মলিন হয়ে যাওয়ায় সেই ফুল দিয়ে পুরো অনুষ্ঠানস্থল সাজানো সম্ভব হয়নি। পরে ফুলগুলো অনুষ্ঠানস্থলের সিঁড়িতে বিছিয়ে রাখা হয়।

পরীমণি বলেন, পুরো জায়গাটিকে শিউলি ফুলের বাগানে পরিণত করার ইচ্ছা ছিল তার। কিন্তু বাস্তবতার কারণে তা সম্ভব না হওয়ায় নিজেই শিউলি ফুলের মতো করে সেজেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রিয় নানাকে হারানোর পর থেকেই পরীমণির জীবনযাপন ও জন্মদিন উদযাপনে পরিবর্তন আসে। আগের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে এখন কাছের মানুষদের সঙ্গে একান্তে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

জন্মদিনের প্রথম প্রহর দুই সন্তান পুণ্য ও প্রিয়মের স্নেহ ও ভালোবাসায় কাটিয়েছেন এই অভিনেত্রী। ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে সন্তানদের সঙ্গে জীবনের নতুন একটি বছরকে স্বাগত জানিয়েছেন পরীমণি।