সারাদেশ

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ এএম

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে প্রায় দুই হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ছয় শতাধিক রোগীর ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আয়োজকেরা।

শনিবার ২৪ অক্টোবর শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর উচ্চবিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিনের কার্যক্রমে প্রায় দুই হাজার মানুষ চক্ষু চিকিৎসাসেবা নেন। তাদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

চিকিৎসাসেবা নিতে আসা শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের লাভলী বেওয়া বলেন, আর্থিক সংকটের কারণে এত দিন তার চোখের অস্ত্রোপচার করানো সম্ভব হয়নি। বিনা মূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি জাইমা রহমান, তারেক রহমান ও মীর শাহে আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

দুই দিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিনে রোববার ২৫ অক্টোবর শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ছয় শতাধিক মেধাবী ছাত্রীকে বিনা মূল্যে বাইসাইকেল উপহার দেওয়ার কর্মসূচি রয়েছে।

আয়োজকেরা জানান, অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।