সারাদেশ

ছুটি শেষে বাসায় ফিরে দেখেন আলমারিতে নেই ৫০ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

ছুটি শেষে বাসায় ফিরে দেখেন আলমারিতে নেই ৫০ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার
ছবি: সংগৃহীত

নরসিংদী শহরের একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। দুর্গাপূজা উদযাপন করতে গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগে ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে নগদ ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুখন চৌধুরী (৫১) ওই ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানদের নিয়ে গত পাঁচ বছর ধরে বসবাস করছেন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইং কারখানায় রং মাস্টার হিসেবে কাজ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা থানার গুহিয়ালা গ্রামে।

সুখন চৌধুরী ও তার স্ত্রী পূরবী পণ্ডিত জানান, স্বজনদের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে গত রোববার দুপুরে ফ্ল্যাটে তালা দিয়ে গ্রামের বাড়িতে যান তারা। পূজা শেষে শুক্রবার রাত ৮টার দিকে বাসায় ফিরে দেখেন, দরজা খুলতে পারছেন না। তালা কাটার পরও দরজা না খোলায় তাদের সন্দেহ হয়।

পরে ফ্ল্যাটের পেছনে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান সুখন চৌধুরী। স্থানীয় লোকজনের সহায়তায় ওই জানালা দিয়ে ভেতরে ঢুকে দরজা খুলে দেন তিনি। ঘরে ঢুকে দেখেন, আসবাবপত্র ও জামাকাপড় এলোমেলো করে ফেলে রাখা হয়েছে। ভাঙা হয়েছে আলমারি। আলমারিতে রাখা নগদ ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারও নেই।

সুখন চৌধুরী জানান, গ্রামের বাড়ির জমি বিক্রি করে একটি ডাইং কারখানা কেনার জন্য ৫০ লাখ টাকা সংগ্রহ করেছিলেন তিনি। সেই টাকা বাসায় আলমারিতে রাখা ছিল। কারখানা কেনার বিষয়ে কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। পাশাপাশি আলমারিতে তার স্ত্রীর স্বর্ণালংকারও রাখা ছিল।

তিনি বলেন, ছয় দিন বাসায় না থাকার সুযোগে চোরেরা এসব নিয়ে গেছে। একটি ডাইং কারখানা প্রতিষ্ঠা করা ছিল তার সারা জীবনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের জন্য জমি বিক্রি করে জমানো টাকাও এখন হারিয়ে গেছে।

এ ঘটনায় শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুখন চৌধুরী।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন বলেন, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।