জাতীয়

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ এএম

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং সাংস্কৃতিক কূটনীতির প্রসারে আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন তিনি।

রোববার ২৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের শুরুতে স্পেনের সেভিল শহরে যাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে আগামী ২৬ অক্টোবর তৃতীয় স্পেন বাংলাদেশ এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। ‘দৃঢ় অংশীদারিত্ব, যৌথ সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করেছে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

স্পেনের প্রস্তুতকারক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশি রপ্তানিকারকদের যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এ প্রদর্শনীর মূল লক্ষ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্পেন সফর শেষে ২৯ থেকে ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ ইসলাম। যুক্তরাজ্যে তার কর্মসূচিতে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সুযোগ অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সফরের মাধ্যমে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকার প্রতিফলিত হবে।