সোশ্যাল মিডিয়া
প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ধর্মীয় বক্তা হাফেজ ক্বারি জুবায়ের আহমাদ তাশরীফ বলেছেন, প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেবেন, তবু ঈমান বিক্রি করবেন না। তিনি বলেন, তারা আল্লাহর গোলাম, কোনো ব্যক্তি বা টাকার গোলাম নন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
স্ট্যাটাসে জুবায়ের আহমাদ তাশরীফ লেখেন, ‘প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব। তবুও ঈমান বিক্রি করব না। আমরা আল্লাহর গোলাম। কোনো ব্যক্তি বা টাকার গোলাম নই।’
এর আগে গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর প্রতি যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। শিক্ষার্থীর বাবা ওই শিক্ষককে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেন তাশরীফ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে তার বাবার অভিযোগ। এক ভিডিও সাক্ষাৎকারে তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া এবং খোঁজখবর না রাখার অভিযোগ তোলেন।
পরে বাবার এসব অভিযোগের জবাব দিতে নিজের মাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তাশরীফ। ওই ভিডিওতে তার মা ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেন।