সারাবিশ্ব
ভারতের গুজরাটে গরু জবাইয়ের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ভারতের গুজরাটের গান্ধীনগরে গরু জবাইয়ের এক মামলায় তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে প্রাচীন সংস্কৃত ধর্মগ্রন্থ মনুস্মৃতির শ্লোক উদ্ধৃত করে বিচারক গরুকে ‘বিশ্বজগতের মাতা’ ও সর্বজনীন কল্যাণের উৎস হিসেবে বর্ণনা করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গুজরাটের গান্ধীনগর জেলার জামলা গ্রামের একটি ঘটনায় এ রায় দেন গান্ধীনগর সেশনস আদালত। ২০২৪ সালের আগস্টে গ্রামের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ২৭৭ কেজি গরুর মাংস এবং পশু জবাইয়ের সরঞ্জামসহ অভিযুক্তদের আটক করে কালোল থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জীবিত গবাদিপশুগুলো স্থানীয় গোশালায় পাঠানো হয়।
মামলার বিচারক সেশনস জজ বি আর রাজপুত রায়ের শুরুতে বৈদিক শ্লোক ও ধর্মীয় গ্রন্থের বাণী উল্লেখ করেন। তিনি বলেন, গবাদিপশু রক্ষা করা সহমর্মিতা এবং পরম সত্য প্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। রায়ে পৌরাণিক দেবগাভি ‘কামধেনু’র উল্লেখ করে তিনি বলেন, সব প্রাণের সুরক্ষা এবং ন্যায়সংগত আইন মেনে চলাই একটি সভ্য সমাজের ভিত্তি।
বিচারপ্রক্রিয়ায় সহকারী সরকারি কৌঁসুলি জিগনেশ এইচ জোশি শারীরিক আলামত ও সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে অপরাধের গুরুত্ব তুলে ধরেন। সার্বিক প্রমাণ পর্যালোচনা করে আদালত গুজরাট প্রাণী সংরক্ষণ আইনে ওয়াসিম শাহাবুদ্দিন বাবু কুরেশি, মোহাম্মদ রফিক মোহাম্মদ হানিফ আলিভাই কুরেশি এবং আশফাক ওরফে সালমান আল্লারাখা আবদুল বেহলিমকে দোষী সাব্যস্ত করেন। পরে তাদের প্রত্যেককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ রুপি জরিমানা করা হয়।
গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এ রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যে গো-হত্যার মতো অপরাধে জড়িতদের আইন কখনো ছাড় দেবে না। গো-মাতা রক্ষা করা রাজ্যের অটল সংকল্প বলেও উল্লেখ করেন তিনি।