সারাবিশ্ব

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথিদের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথিদের
ছবি: সংগৃহীত

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয়টি হামলা চালানোর দাবি করেছে। চলতি সপ্তাহের শুরুতে তেহরানে ইরান ও মক্কা প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বৈঠকের পরও এ হামলার দাবি করল সশস্ত্র গোষ্ঠীটি।

সৌদি আরব ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে বিরল ওই বৈঠকে আঞ্চলিক বিরোধ সংলাপের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত হয়েছিল দুই পক্ষ। এতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেন। তবে ইতিবাচক কূটনৈতিক তৎপরতার মধ্যেও সৌদি আরব এবং ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে হুথিরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের পূর্ব ও পশ্চিম উপকূল থেকে রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় নাজরান পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাস তানুরা তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আবকাইক এলাকায় সৌদি আরামকোর একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া রাবিগ তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নাজরান অঞ্চলে সৌদি সামরিক বাহিনীর একটি সদর দপ্তরে হামলার দাবিও করেছে হুথিরা।

তবে হুথিদের এসব হামলার দাবির সত্যতা স্বাধীন বা নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।

সূত্র: আল জাজিরা