জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুকে খাবার তৈরির ভিডিও, যা জানা গেল
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ফেসবুক প্রোফাইলে হঠাৎ খাবার তৈরির দুটি ভিডিও প্রকাশ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। মাত্র ৯ মিনিটের ব্যবধানে ভিডিও দুটি শেয়ার করা হয়। এতে অনেকের মনেই প্রশ্ন জাগে, স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে কি না। তবে খোঁজ নিয়ে জানা গেছে, প্রোফাইল হ্যাক হয়নি। বরং নিজের মেয়ের রান্না ও ডেজার্ট তৈরির ভিডিও শেয়ার করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক প্রোফাইলে পরপর খাবার তৈরির দুটি ভিডিও শেয়ার হতে দেখা যায়। অল্প সময়ের ব্যবধানে এমন দুটি ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়। কেউ কেউ তার ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে কি না, তা নিয়েও মন্তব্য করেন।
তবে ভিডিওগুলোর উৎস সম্পর্কে জানা গেছে, সেগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে পারমিস আহমেদ ইকরার ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও। সেখান থেকেই ভিডিও দুটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন সালাহউদ্দিন আহমদ।
ভিডিওতে দেখা যায়, পারমিস আহমেদ ইকরা নিজ হাতে বিভিন্ন খাবার ও ডেজার্ট তৈরি করছেন। রান্না থেকে শুরু করে খাবার সাজিয়ে পরিবেশন, সবকিছুই তুলে ধরা হয়েছে ভিডিওগুলোতে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে মেয়ের রান্নার ভিডিও শেয়ার হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। শুরুতে কেউ কেউ বিস্ময় প্রকাশ করলেও পরে জানা যায়, ভিডিওগুলো তার মেয়ের রান্নার আয়োজনেরই অংশ।