রাজনীতি
হাদী হত্যার বিচার দাবিতে ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল ইনকিলাব মঞ্চ
শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকার শহীদ আফনান চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে জুমার নামাজের পর শহরের চকবাজার এলাকা থেকে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের জুলাইযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পথসভায় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা এবং জুলাইযোদ্ধা সানজিদা আনোয়ার চৌধুরীসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
বক্তারা বলেন, গত ১৭ বছরেও যে সংবিধান স্বৈরাচারী শাসন ও শেখ হাসিনার কর্তৃত্ববাদী হয়ে ওঠা ঠেকাতে পারেনি, সেই সংবিধানের দোহাই দিয়ে এখন সংস্কারের কথা বলা হচ্ছে। সংবিধান ও সংস্কারের অজুহাতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।
তারা আরও বলেন, সরকার জুলাইয়ের শহীদদের হত্যার বিচার এবং জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে ব্যর্থ হলে দেশে আবারও জুলাইয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পথসভা শেষে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি লক্ষ্মীপুরের জকসিন ও চন্দ্রগঞ্জ হয়ে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করে।