রাজনীতি

জামায়াত নেতা মাওলানা নজরুল ইসলাম শামীমের ইন্তেকাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

জামায়াত নেতা মাওলানা নজরুল ইসলাম শামীমের ইন্তেকাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনার ডুমুরিয়া উপজেলার সাবেক আমির, ঢাকা মহানগরীর লালবাগ ও কোতোয়ালি থানার সাবেক দায়িত্বশীল এবং টিপনা আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা নজরুল ইসলাম শামীম ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

গত বৃহস্পতিবার রাত ১২টার পর বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সর্বশেষ তিনি জামায়াতের খুলনা জেলা ইউনিটের রুকন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার বাদ জুমা জানাজা শেষে খুলনার ডুমুরিয়ার সবুজবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাওলানা নজরুল ইসলাম শামীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা নজরুল ইসলাম শামীম ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ঢাকা মহানগরীর লালবাগ থানায় ১৯৮২ থেকে ১৯৮৫ সাল, কোতোয়ালি থানায় ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল এবং খুলনার ডুমুরিয়া থানায় ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

শোকবার্তায় গোলাম পরওয়ার আরও বলেন, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করেছেন মাওলানা নজরুল ইসলাম শামীম। খুলনার ডুমুরিয়ায় ইসলামী আন্দোলনের কার্যক্রম প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে ইসলামী আন্দোলন একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারিয়েছে। এ ঘটনায় তারা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করে রহমত দান করেন এবং তার কবর প্রশস্ত করেন। তার গুনাহগুলো ক্ষমা করে নেকিতে পরিণত করেন। পাশাপাশি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক দান করেন।