সারাদেশ
ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ধানক্ষেতে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম হাজী মজনু সরকার (৪৬)। তিনি উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানের সময় মজনু সরকার ধানক্ষেতে লুকিয়ে ছিলেন। তবে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রেহাই পাননি তিনি।
হাজী মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়া গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত তিনি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করা হয়।
আটকের পর তাকে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
তবে মজনু সরকারের বিরুদ্ধে কী অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলার অভিযোগ বা পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।