প্রবাস

সৌদি থেকে শনিবার ফিরছে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনসহ ৭ প্রবাসীর মরদেহ


প্রবাস ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম

সৌদি থেকে শনিবার ফিরছে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনসহ ৭ প্রবাসীর মরদেহ
ছবি: সংগৃহীত

দীর্ঘ আড়াই মাসের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচ প্রবাসীসহ সাত বাংলাদেশির মরদেহ আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। স্বজনদের কাছে প্রিয়জনের মরদেহ ফিরে আসার খবরে অপেক্ষার অবসান ঘটলেও শোকের ভার আরও বেড়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া সাত প্রবাসীর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৬ ফ্লাইটে দেশে আনা হচ্ছে। ফ্লাইটটি শনিবার সকাল ৮টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। নিহতদের মধ্যে নওগাঁর পাঁচজন এবং নাটোরের দুজন রয়েছেন।

নওগাঁর নিহত পাঁচ প্রবাসী হলেন নওগাঁ পৌর এলাকার পার নওগাঁর শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের সাগর আলী। অন্যদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. শামীম ও সাব্বির হোসেনও রয়েছেন এই তালিকায়।

উল্লেখ্য, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে নওগাঁ জেলারই ছিলেন ১২ জন। ঘটনার পর গত ২৭ আগস্ট প্রথম ধাপে সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। তবে পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়ায় জটিলতার কারণে বাকি পাঁচজনের মরদেহ এত দিন সৌদির হিমঘরে সংরক্ষিত ছিল।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আইনি কার্যক্রম ও ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যদের শুক্রবার বিকেলে ডাকা হয়েছে। মরদেহ পরিবহনের জন্য সরকারিভাবে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবারগুলোর সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে আলাদাভাবে কোনো জানাজার আয়োজন করা হবে না। মরদেহগুলো সরাসরি নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক ও স্থানীয় ব্যবস্থাপনায় দাফন সম্পন্ন হবে।