প্রবাস

ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও


প্রবাস ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
ছবি: সংগৃহীত

ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে দেশটির সরকার। এই তালিকায় রয়েছে বাংলাদেশও।

২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের জন্য ইতালির বিদেশি কর্মী নিয়োগের এই পরিকল্পনাকে বলা হচ্ছে ‘ডিক্রেতো ফ্লুসি’। এটি বিদেশি শ্রমিকদের কাজের অনুমতি ও কাজের ভিসা দেওয়ার সরকারি কোটা ব্যবস্থা।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৭ সালের মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জনকে অমৌসুমি কাজে, ৮৯ হাজার জনকে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে এবং ৬৫০ জনকে স্বনিয়োজিত কাজে নেওয়া হবে। এছাড়া পরিবারভিত্তিক পরিচর্যা বা সেবাযত্ন খাতের জন্য অমৌসুমি কোটার মধ্যে ১৪ হাজার স্থান রাখা হয়েছে।

যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

ইতালির এই বড় কর্মী নিয়োগ কার্যক্রমে যোগ্য দেশের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপালসহ আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকদের জন্য কোটা বরাদ্দ রাখা হয়েছে।

আবেদন শুরু ২৩ অক্টোবর

২০২৭ সালের কোটার জন্য আবেদনপত্র আগাম পূরণের প্রক্রিয়া শুরু হবে ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে। এই প্রক্রিয়া চলবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত। আবেদন করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টালে সার্ভিসেস আলি ব্যবস্থার মাধ্যমে।

তবে বিদেশি কর্মীরা সাধারণত নিজেরা সরাসরি এই কোটায় আবেদন করতে পারেন না। ইতালিতে থাকা নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর জন্য কাজের অনুমোদন চেয়ে আবেদন করেন। অনুমোদন পাওয়ার পর কর্মী নিজ দেশে ইতালির দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করেন।

খাতভেদে আবেদন শুরুর তারিখ আলাদা

২০২৭ সালের আবেদন জমা দেওয়ার বিশেষ দিন খাতভেদে আলাদা করা হয়েছে। কৃষি খাতের মৌসুমি কর্মীদের আবেদন শুরু হবে ১২ জানুয়ারি ২০২৭। পর্যটন খাতে ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পরিবারভিত্তিক পরিচর্যা খাতের জন্য ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন জমা দেওয়া যাবে।

প্রতিটি ক্ষেত্রেই ইতালির স্থানীয় সময় সকাল ৯টায় আবেদন গ্রহণ শুরু হবে। নির্ধারিত কোটা খালি থাকা সাপেক্ষে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

তিন বছরে নেওয়া হবে প্রায় ৫ লাখ কর্মী

ইতালি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে।

বিদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রক্রিয়ায় কেবল বৈধ নিয়োগকর্তা ও সরকারি ব্যবস্থার মাধ্যমে আবেদন করা যায়। তাই চাকরি বা ভিসার কথা বলে কোনো ব্যক্তি কিংবা দালালকে অর্থ দেওয়ার আগে নিয়োগপত্র, নিয়োগকর্তা এবং কাজের অনুমোদনের সত্যতা যাচাই করা জরুরি।