সারাবিশ্ব

মার্কিন ড্রোন সাম্রাজ্য ধসিয়ে দিচ্ছে ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

মার্কিন ড্রোন সাম্রাজ্য ধসিয়ে দিচ্ছে ইরান
ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন একের পর এক ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, শনিবার কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। আইআরজিসির দাবি অনুযায়ী, এটি এখন পর্যন্ত ভূপাতিত করা ৫৯তম মার্কিন ড্রোন। এর আগে হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একই ধরনের আরেকটি ড্রোন ধ্বংসের দাবি করেছিল ইরান, যেটিকে তারা ৫৮তম ড্রোন হিসেবে উল্লেখ করেছিল।

নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনার কাজে মার্কিন সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহার করে আসছে। বিশেষ করে হরমুজ প্রণালি ও এর আশপাশের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় মার্কিন বাহিনীর নজরদারি কার্যক্রমে এসব ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, সেন্সর ও অস্ত্রসজ্জার ধরনভেদে প্রতিটি এমকিউ-৯ ড্রোনের মূল্য ৩ কোটি থেকে ৫ কোটি মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।

প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম ডিফেন্স টকসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমান বাহিনী নতুন করে এমকিউ-৯ ড্রোন সংগ্রহের কার্যক্রম বন্ধ করার পর ২০২৫ সালে এই মডেলের উৎপাদনও শেষ হয়ে যায়। বর্তমানে তুলনামূলক কম ব্যয়ের ড্রোন অধিক সংখ্যায় সংগ্রহের পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী। ফলে ইরানের ধারাবাহিকভাবে এসব ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও আকাশ নজরদারি সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইআরজিসি নৌবাহিনী। সংস্থাটির জনসংযোগ দপ্তরের এক পৃথক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অনুমোদন ও নির্দেশনা উপেক্ষা করে কোনো জাহাজ প্রণালিতে চলাচলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে যেসব জাহাজ নিজেদের শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখছে, সেগুলোকে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতাকারী হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান।

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বেড়েছে। ইরানি নৌবাহিনী দাবি করেছে, এক রাতের মধ্যেই সেখানে একটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। ইরানের নৌবাহিনীর পরিচালনগত প্রতিবেদন অনুযায়ী, তেলের ট্যাংকার চলাচলের পথ পরিষ্কার করার চেষ্টা করার সময় মার্কিন বাহিনী নৌ-মাইনের বিস্ফোরণের মুখে পড়ে।

অন্যদিকে, হরমুজ প্রণালির পূর্বদিকে নিষিদ্ধ ঘোষিত এলাকায় প্রবেশের পর একটি তেলের ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইরানি সেনাবাহিনীর নৌবাহিনীর দাবি, নৌ-চলাচলের ওপর জারি করা সতর্কতা ও বিধিনিষেধ অমান্য করে ট্যাংকারটি ওই এলাকায় প্রবেশ করেছিল। এ সময় জাহাজটির শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। পরে নৌ-মাইনের আঘাতে ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরান।

তেহরান বারবার সতর্ক করে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্বসমন্বয় ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করলে বড় ধরনের বিপদের ঝুঁকি রয়েছে। বিশেষ করে নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায় প্রবেশ করলে নৌ-মাইনের বিস্ফোরণ, জাহাজে অগ্নিকাণ্ড এবং অন্যান্য সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে বলে দাবি করছে দেশটি।

তবে ইরানের এসব দাবির বিপরীতে ভিন্ন অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটির দাবি, হরমুজ প্রণালির প্রধান নৌ-চলাচল পথগুলো থেকে মাইন অপসারণ করা হয়েছে এবং সেগুলো এখন জাহাজ চলাচলের জন্য নিরাপদ। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য, ড্রোন ভূপাতিত করার দাবি এবং ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ ঘিরে সামরিক উত্তেজনা আরও জটিল হয়ে উঠছে। এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বিশ্ববাজারে তেলের দামের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।