অর্থনীতি

কাল থেকে শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা, অংশ নিচ্ছে চার শতাধিক প্রতিষ্ঠান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

কাল থেকে শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা, অংশ নিচ্ছে চার শতাধিক প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রদর্শন ও বিক্রির পাশাপাশি নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে আগামীকাল রবিবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ এ খাতের অন্তর্ভুক্ত। শিল্প খাতে কর্মরত মোট জনবলের প্রায় ৮৫ শতাংশই এ খাতের সঙ্গে যুক্ত। এ খাতে কর্মরত মানুষের সংখ্যা প্রায় ৩ কোটি ৬ লাখ। অন্যদিকে, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

তিনি আরও বলেন, দেশের এসএমই উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে অবস্থান করছেন এবং প্রায় ৬৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতে ব্যবসা পরিচালনা করছেন। ফলে এ খাতের উদ্যোক্তাদের বিকাশ, সহজ অর্থায়ন নিশ্চিত করা এবং দেশ-বিদেশের বাজারে পণ্যের প্রসার ঘটাতে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

শিল্পমন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ উদ্যোক্তা উপকৃত হয়েছেন। তাঁদের মধ্যে ৬০ শতাংশই নারী উদ্যোক্তা।

মন্ত্রী বলেন, আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট বা ফি লাগবে না।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। পুরস্কারের বিভাগগুলো হলো-বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ উদ্যোক্তা, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

শিল্পমন্ত্রী আরও জানান, এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের। মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠান অংশ নেবে।

এ ছাড়া সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’, বিভিন্ন এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে। মেলায় কেবল দেশীয় উৎপাদনকারী এবং সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। বিদেশি কিংবা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মেলায় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরিতে প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তারা অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ঋণ গ্রহণের নিয়ম, শর্ত ও প্রয়োজনীয় পরামর্শ জানতে পারবেন। ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে সমঝোতা হলে মেলাপ্রাঙ্গণ থেকেই ঋণের আবেদন করার সুযোগ থাকবে।

এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর মেলার পাশাপাশি তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে সহজ শর্তে অর্থায়ন, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, এসএমই পণ্যের বাজার সুরক্ষা এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

সেমিনার ও সংলাপে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান।

আয়োজকদের প্রত্যাশা, এবারের জাতীয় এসএমই পণ্য মেলা দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারী ও তরুণ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, সহজ অর্থায়ন নিশ্চিত করা এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে মেলাটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।