রাজনীতি
‘আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না, গ্যারান্টি দিলাম’: অধ্যক্ষ সেলিম ভূইয়া
আগামী ১০ বছরেও সরকারের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া। তিনি বলেছেন, ‘সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি ও শিক্ষকদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে সেলিম ভূইয়া বলেন, ফ্যাসিবাদী শাসনামলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। অন্যদিকে, যেসব শিক্ষক ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছেন, তাঁদের প্রমাণসহ তালিকা দিতে হবে। সেই তালিকা ও প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা কারও ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের বিষয়টি উল্লেখ করে সেলিম ভূইয়া বলেন, তাঁকে আটকের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, এত বয়স্ক একজন মানুষকে কেন আটক করা হলো। অথচ তাঁদের সময়েও বয়স্ক রাজনৈতিক নেতাদের সঙ্গে একই ধরনের আচরণ করা হয়েছে।
নিজের রাজনৈতিক জীবনে নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরেছেন। তাঁকে ধরে ধরে আদালতে নিয়ে যেতে হতো, এমনকি তাঁর হাতেও হাতকড়া পরানো হয়েছিল। একইভাবে তাঁকেও হাতকড়া পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ৪০টি মামলা ছিল বলেও জানান তিনি।
সেলিম ভূইয়া আরও বলেন, পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশ (ডিবি) দিয়ে তাঁকে তুলে নেওয়া হয়েছিল। এমনকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল। অতীতে তাঁদের সঙ্গে ঘটে যাওয়া এসব ঘটনা সহজে ভুলে যাওয়ার নয় বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক প্রতিহিংসার বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। তবে কেউ আমাদের দুর্বল মনে করলে ভুল করবে। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
শিক্ষাব্যবস্থায় ইতিহাস ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থাপনা নিয়েও সমালোচনা করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, গত ১৭ বছরে শিক্ষার্থীদের শেখানো হয়েছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা। পাঠ্যবইয়ে এসব বিষয় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে শিক্ষকদেরও ভূমিকা ছিল। তাঁর অভিযোগ, শিক্ষকদের দিয়ে বইয়ে এসব বিষয় লেখানো হয়েছে এবং শিক্ষার্থীদের সেভাবেই পড়ানো হয়েছে।
এ প্রসঙ্গে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা উল্লেখ করে সেলিম ভূইয়া বলেন, শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হয়ে থাকেন, তাহলে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মারা গেল কেন? এমনকি অনেক মরদেহ দাফন করার মতো লোকও পাওয়া যায়নি বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।