জাতীয়

চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার ২২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, নারী ও পুরুষের মধ্যে যারা উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের জন্য এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। এ খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী আরও বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি সৃজনশীল নকশা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বিভিন্ন মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।