সারাদেশ
টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন নারী
চুয়াডাঙ্গা সদরে টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা তাকে বাড়ির একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ঝর্ণা আক্তার ওই গ্রামের মো. কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝর্ণা আক্তার তার টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে বাড়ির একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের জানালা ভেঙে পালিয়ে যান ঝর্ণা। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ বিষয়ে ঝর্ণার স্বামী কাদির হোসেন বলেন, ‘আমার স্ত্রী এমন টিকটক ভিডিও তৈরি করেছে বলে জানতে পেরেছি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের মন্তব্য করা তার মোটেও উচিত হয়নি।’
সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল রহমান বলেন, ‘ঝর্ণা আক্তার টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ পেয়েছি। স্থানীয় বাসিন্দারা তাকে বাড়ির একটি ঘরে আটকে রেখে আমাদের খবর দেন। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ঘরের জানালা ভেঙে পালিয়ে যান।’