রাজনীতি
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, জামায়াত আমিরের নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমের খাগড়াছড়িতে অবস্থিত গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার ২২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, রোববার রাত ৩টার পর ডাকসুর ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনার জন্য তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের দায়ী করেন এবং হামলার তীব্র নিন্দা জানান।
তিনি এ হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে জামায়াত আমির আরও বলেন, পতিত ফ্যাসিস্টরা একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এসব ঘটনার জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে প্রধানত দায়ী করেন।
ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, এ বিষয়ে সরকার যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।