বিনোদন

মাতৃত্বের গল্পে বিশ্বমঞ্চে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

মাতৃত্বের গল্পে বিশ্বমঞ্চে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি
ছবি: সংগৃহীত

পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ৭৫তম ‘মিস ইউনিভার্স ২০২৬’ প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ সামিরা খান মাহি। গত ৭ নভেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে তানজিয়া জামান মিথিলার কাছ থেকে মুকুট গ্রহণের পর ১১ নভেম্বর থেকে শুরু হওয়া মূল প্রতিযোগিতার বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন তিনি।

এবারের প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে মাহি ‘মাদারহুড: এ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ থিমের পোশাক উপস্থাপন করেন। বৃত্তাকার নকশার এই পোশাকের মাধ্যমে জীবনের অবিচ্ছিন্ন চক্র এবং মা ও সন্তানের অটুট ভালোবাসার প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতার পাশাপাশি মাতৃত্বের সংস্কৃতি এবং মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতেই পোশাকটি তৈরি করা হয়েছে।

জাতীয় পোশাক পর্বের ভিডিওটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন মাহি। ক্যাপশনে তিনি জানান, গভীর ভালোবাসা ও গর্ব নিয়ে পোশাকটি উপস্থাপন করেছেন তিনি। এটি তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনুপ্রাণিত। পোশাকের প্রতিটি সূক্ষ্ম কারুকাজে ফুটে উঠেছে নিঃশর্ত ভালোবাসা, শক্তি, ত্যাগ এবং মাতৃত্বের সুন্দর যাত্রার গল্প। এর বৃত্তাকার নকশা জীবনের অন্তহীন চক্র ও প্রজন্ম থেকে প্রজন্মে বহমান অবিচ্ছেদ্য বন্ধনকে তুলে ধরেছে।

মাহি আরও বলেন, তার কাছে এটি কেবল একটি পোশাক নয়, বরং প্রতিটি মায়ের অগণিত ত্যাগ ও ভালোবাসার প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। বাংলাদেশ থেকে বিশ্বমঞ্চে ভালোবাসার এই গল্প পৌঁছে দিতে পেরে তিনি গর্বিত। প্রতিযোগিতার ব্যস্ত সূচির মধ্যেও বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক ও ভাষা নিয়ে কথা বলছেন তিনি।

এর আগে ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তানজিয়া জামান মিথিলা সেরা ৩০-এ জায়গা করে নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের জন্য এই সাফল্য অর্জন করেন। সেই ধারাবাহিকতায় এবারের আসরে বাংলাদেশের অবস্থান আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে অংশ নিচ্ছেন সামিরা খান মাহি।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আয়োজন। এবারের আসরে দর্শকদের ভোটে একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এই ভোটের লড়াইয়ে মাহির অবস্থান নিয়েও দেশে ও বিদেশে আলোচনা চলছে।