বিনোদন
আমার মৃত্যুর পর সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে কোটি কোটি ভক্তের ভালোবাসা অর্জন করেছেন তিনি। একসময় বাসের কন্ডাক্টর হিসেবে কর্মজীবন শুরু করা এই অভিনেতা আজ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় তারকা। তবে নিজের অর্জিত সম্পদের উত্তরাধিকার নিয়ে এবার এক ব্যতিক্রমী সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মৃত্যুর পর নিজের মালিকানাধীন রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি পরিবারের পরিবর্তে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করতে চান এই অভিনেতা।
রজনীকান্তের ভাষ্য অনুযায়ী, তার মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপমের সম্পূর্ণ সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে চলে যাবে। সেখান থেকে সম্পদের প্রতিটি পয়সা ব্যয় করা হবে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে। এমনকি এ সম্পত্তি থেকে তার পরিবারের সদস্যরাও কোনো অংশ পাবেন না বলে জানিয়েছেন তিনি।
নিজের এই সিদ্ধান্তের পেছনে ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন রজনীকান্ত। তার মতে, দীর্ঘ ক্যারিয়ারে তামিলনাড়ুর মানুষ তার সিনেমার টিকিট কিনে তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছেন। দর্শকদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার কারণেই আজকের অবস্থানে আসতে পেরেছেন তিনি। তাই জীবনের শেষ অধ্যায়ে তাদের জন্যই কিছু করে যেতে চান এই সুপারস্টার।
নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটি পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে, যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার এক পয়সাও পাবে না। কারণ, তামিল জনগণ আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা থেকেই আমার এই সিদ্ধান্ত।’
দর্শকদের ভালোবাসার প্রসঙ্গ তুলে অভিনেতা আরও বলেন, ‘টিকিটের দাম যখন যেমনই থাকুক না কেন, এখানকার মানুষ সবসময় আমার সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন।’ রজনীকান্তের মতে, দর্শকদের এই ভালোবাসা ও সমর্থনই তার দীর্ঘ অভিনয়জীবনের অন্যতম বড় প্রাপ্তি।
উল্লেখ্য, রজনীকান্তের অভিনয়জীবন শুরু হয়েছিল সাধারণ একজন বাস কন্ডাক্টর হিসেবে। সেখান থেকে কঠোর পরিশ্রম, অভিনয়দক্ষতা ও নিজস্ব স্টাইলের মাধ্যমে তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন। কয়েক দশক ধরে তামিল চলচ্চিত্রের দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা ধরে রেখেছেন তিনি। মৃত্যুর পর সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করার ঘোষণার মধ্য দিয়ে ভক্তদের প্রতি তার সেই কৃতজ্ঞতারই প্রতিফলন ঘটেছে।