সারাবিশ্ব

তাইওয়ানের নতুন প্রতিরক্ষা কৌশলে কি বড় বিপাকে পড়তে পারে চীন?


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

তাইওয়ানের নতুন প্রতিরক্ষা কৌশলে কি বড় বিপাকে পড়তে পারে চীন?
ছবি: সংগৃহীত

তাইওয়ান প্রণালিতে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি হিসেবে চীনের যুদ্ধবিমানগুলোতে নতুন ধরনের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র যুক্ত করার বিষয়টি বেইজিংয়ের সামরিক কৌশলের একটি বড় দুর্বলতা সামনে নিয়ে এসেছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, চীনের প্রাথমিক ক্ষেপণাস্ত্র হামলার পরও যদি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিকে থাকে এবং দীর্ঘপাল্লার নির্ভুল অস্ত্রের মজুত কমে আসে, তাহলে চীনা যুদ্ধবিমানগুলোকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা বলয়ের কাছাকাছি যেতে হবে। এতে চীনের অত্যাধুনিক বিমানবাহিনীও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকিতে পড়তে পারে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিজ্ঞতা থেকে তাইওয়ান এমন পরিস্থিতি মোকাবিলার কৌশল শিখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রকাশিত ফুটেজে প্রথমবারের মতো চেংদু জে-১০সি যুদ্ধবিমানে রুশ প্রযুক্তির খ-২৯টি এয়ার-টু-সারফেস ক্ষেপণাস্ত্রের একটি চীনা সংস্করণ দেখা গেছে। ২০০০-এর দশকের শুরুর দিকে রাশিয়ার কাছ থেকে সুখোই এসইউ-৩০এমকেকে যুদ্ধবিমানের পাশাপাশি প্রায় ২ হাজার খ-২৯টি ক্ষেপণাস্ত্র আমদানি করেছিল চীন। সামরিক পর্যবেক্ষকদের মতে, নতুন সংস্করণটিতে চীনের নিজস্ব প্রযুক্তিতে উন্নত ইমেজিং ইনফ্রারেড সিকার যুক্ত করা হয়েছে, যা লক্ষ্যবস্তু শনাক্ত ও নির্ভুলভাবে আঘাত হানতে সহায়তা করে।

প্রায় ৬৮৫ কেজি ওজনের এই রকেটচালিত ক্ষেপণাস্ত্রটিতে রয়েছে ৩২০ কেজির বর্মভেদী উচ্চ-বিস্ফোরক ওয়ারহেড। এর পাল্লা প্রায় ১০ থেকে ৩০ কিলোমিটার। বাঙ্কার, সেতু, রানওয়ে এবং যুদ্ধজাহাজের মতো সুরক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এটি তৈরি করা হয়েছে। এর আগে চীনের জেএইচ-৭এ ও জে-১৬ যুদ্ধবিমানে এই ক্ষেপণাস্ত্র দেখা গেলেও এবার পিএলএর অন্যতম গুরুত্বপূর্ণ এবং তাইওয়ান প্রণালির আশপাশে নিয়মিত টহলে ব্যবহৃত জে-১০সি যুদ্ধবিমানে এটি যুক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, চীনের এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হলো যুদ্ধ পরিচালনার ব্যয় কমানো। জে-১০সি যুদ্ধবিমানে ব্যবহৃত প্রায় ২০০ কিলোমিটার পাল্লার ব্যয়বহুল কেডি-৮৮ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিবর্তে খ-২৯টি তুলনামূলক সাশ্রয়ী বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। সম্ভাব্য তাইওয়ান অভিযানে চীনের পরিকল্পনা হতে পারে প্রথমে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তাইওয়ানের বিমানঘাঁটি, রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালানো। এরপর যেসব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হবে না, সেগুলোকে লক্ষ্য করে কম খরচের স্বল্পপাল্লার অস্ত্র ব্যবহার করা।

তবে এই কৌশল বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাইওয়ানের টিকে থাকার সক্ষমতা। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত দেখিয়েছে, প্রাথমিক হামলায় বড় আকারের সামরিক স্থাপনা ধ্বংস করা সম্ভব হলেও ছোট, ভ্রাম্যমাণ ও গোপন প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্মূল করা অত্যন্ত কঠিন। ফলে দীর্ঘপাল্লার অস্ত্রের মজুত কমে গেলে আক্রমণকারী পক্ষকে তুলনামূলক ঝুঁকিপূর্ণ অবস্থানে গিয়ে অভিযান চালাতে হতে পারে। তাইওয়ানও এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চীনের সামরিক সক্ষমতাকে দীর্ঘমেয়াদি যুদ্ধে চাপে ফেলতে পারে।

মার্কিন থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) চলতি মাসে প্রকাশিত এক মূল্যায়নে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। মূল্যায়ন অনুযায়ী, যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ৯০টি প্রিসিশন স্ট্রাইক মিসাইলের (পিআরএসএম) মধ্যে ৭০ থেকে ৯০টি পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রায় ৪ হাজার ৪০০টি জয়েন্ট এয়ার-টু-সারফেস স্ট্যান্ডঅফ মিসাইলের (জেএএসএম) মধ্যে ১ হাজার ১০০টির বেশি এবং ৩ হাজার ১০০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ১ হাজার ১০০টির বেশি ব্যবহৃত হয়েছে। সিএসআইএসের হিসাব অনুযায়ী, পিআরএসএমের মজুত ২০২৬ সালের শেষ নাগাদ পুনরুদ্ধার করা সম্ভব হলেও জেএএসএমের মজুত পূরণ করতে ২০২৭ সালের মাঝামাঝি বা শেষ পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে টমাহক ক্ষেপণাস্ত্রের মজুত স্বাভাবিক পর্যায়ে ফিরতে ২০৩১ সালের শুরুর দিক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেলে যুক্তরাষ্ট্রকে তুলনামূলক স্বল্পপাল্লার অস্ত্রের ওপর নির্ভর করতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন (জেডিএএম), স্মল ডায়ামিটার বোম্ব ওয়ান (এসডিবি-১) এবং হেলফায়ার ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের হাতে এসব অস্ত্রের বড় মজুত থাকলেও এগুলোর কার্যকর পাল্লা তুলনামূলক কম। ফলে ইরানের অবশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছাকাছি গিয়ে হামলা চালানোর প্রয়োজন তৈরি হয়েছিল, যা মার্কিন যুদ্ধবিমান ও অন্যান্য আকাশযানের জন্য ঝুঁকি বাড়িয়ে দেয়।

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের চ্যালেঞ্জ দেখা গেছে। যুদ্ধের শুরুতে দেশটির এস-৩০০-এর মতো বড় ও উচ্চ-উচ্চতায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হলেও ছোট, সহজে স্থানান্তরযোগ্য এবং গোপনে মোতায়েন করা প্রতিরক্ষা ইউনিটগুলো টিকে ছিল। এর মধ্যে ছিল কাঁধে বহনযোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (ম্যানপ্যাডস) এবং স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (শোরাড)। এসব অস্ত্র নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমানের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) এক প্রতিবেদনে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য বিমান ও আকাশযান হারানোর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে একটি এফ-১৫ই যুদ্ধবিমান, একটি এ-১০ অ্যাটাক এয়ারক্রাফট, তিনটি এমকিউ-১ ড্রোন এবং একটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হওয়ার পাশাপাশি একটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এসব ক্ষয়ক্ষতি দেখিয়ে দিয়েছে, আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তি থাকলেও প্রতিপক্ষের টিকে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অবহেলা করার সুযোগ নেই। বিশেষ করে দূরপাল্লার অস্ত্রের পরিবর্তে স্বল্পপাল্লার অস্ত্র ব্যবহারের প্রয়োজন দেখা দিলে ঝুঁকি আরও বেড়ে যায়।

তাইওয়ানের জন্য এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। ২০২৩ সালের এপ্রিলে জার্নাল অব ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্সে প্রকাশিত এক নিবন্ধে বিশ্লেষক ম্যাথিউ রেভেলস উল্লেখ করেন, চীনের প্রাথমিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় তাইওয়ানকে স্থির ও দীর্ঘপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ, গোপন এবং অসমমিতিক প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। যুগোস্লাভিয়া ও ইউক্রেনের সামরিক অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বলেন, প্রাথমিক হামলার সময় রাডার ও অন্যান্য শনাক্তকরণ ব্যবস্থা সীমিতভাবে ব্যবহার, শহুরে ও দুর্গম ভূখণ্ডকে প্রতিরক্ষার কাজে লাগানো এবং যোগাযোগব্যবস্থা সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া তাইওয়ানের জন্য ভ্রাম্যমাণ স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ম্যানপ্যাডস এবং ড্রোনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে ড্রোনের ঝাঁক ব্যবহার করে প্রতিপক্ষের অভিযান জটিল করে তোলা এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের অবস্থান গোপন রাখার মতো কৌশলও প্রতিরোধব্যবস্থাকে শক্তিশালী করতে পারে। তার মতে, স্থির প্রতিরক্ষা স্থাপনার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তাইওয়ানকে চীনের প্রথম দফার হামলার মুখে দুর্বল করে তুলতে পারে।

চীনের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়েও রয়েছে দীর্ঘমেয়াদি উদ্বেগ। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (ডিওডি) ২০২৫ সালের চায়না মিলিটারি পাওয়ার রিপোর্টের প্রাক্কলন অনুযায়ী, পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের (পিএলএআরএফ) কাছে তাইওয়ানকে লক্ষ্য করে ব্যবহারযোগ্য প্রায় ৩০০টি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র, ৯০০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৩০০টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। সব মিলিয়ে এই মজুত চীনের জন্য বড় ধরনের প্রাথমিক হামলার সক্ষমতা তৈরি করলেও দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রয়োজন মেটানোর জন্য তা যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

২০২৫ সালের নভেম্বরে সিএনএনের এক প্রতিবেদনে উইলিয়াম অ্যালবার্কের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছিল, তাইওয়ানকে পরাভূত করতে চীনের প্রাথমিক হিসাব অনুযায়ী ৫ হাজার থেকে ১০ হাজার ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে দীর্ঘস্থায়ী সংঘাতে বিপুল পরিমাণ গোলাবারুদ ও নির্ভুল অস্ত্রের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে। ফলে তাইওয়ানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে চীনকে শুধু প্রথম দফার হামলা নয়, পরবর্তী কয়েক মাসের যুদ্ধের জন্যও পর্যাপ্ত অস্ত্রের মজুত নিশ্চিত করতে হবে।

২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত হেরিটেজ ফাউন্ডেশনের এক প্রতিবেদনে চীনের নির্ভুলভাবে লক্ষ্যভেদী অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনের অস্ত্র উৎপাদনকেন্দ্র বা মজুতের ওপর কোনো হামলা না হলেও সামরিক সিমুলেশনে দেখা গেছে, দীর্ঘমেয়াদি সংঘাতের ৯০ দিনের মধ্যে চীনা বিমানবাহিনীর দীর্ঘপাল্লার নির্ভুল অস্ত্রের মজুত শেষ হয়ে যেতে পারে। একইভাবে যুদ্ধের ১২০ থেকে ১৪০ দিনের মধ্যে চীনা নৌবাহিনীর নির্ভুল অস্ত্রের মজুতও ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে চীনকে অভিযান চালু রাখতে খ-২৯টির মতো স্বল্পপাল্লার অস্ত্রের ওপর বেশি নির্ভর করতে হতে পারে। আর তখনই জে-১০সি যুদ্ধবিমানের পাইলটদের তাইওয়ানের টিকে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতার মধ্যে প্রবেশের ঝুঁকি নিতে হবে।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত ও উৎপাদনসংক্রান্ত সীমাবদ্ধতা প্রকাশ্যে আসার পর চীন নিজের সামরিক শিল্পব্যবস্থা আরও শক্তিশালী করার সুযোগ পেয়েছে। দেশটি ক্ষেপণাস্ত্র উৎপাদন, সরবরাহব্যবস্থা এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়াতে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করছে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে চীন কত দ্রুত ক্ষেপণাস্ত্র ও অন্যান্য নির্ভুল অস্ত্র পুনরায় উৎপাদন করতে পারবে, সেটিও সম্ভাব্য সংঘাতের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।

২০২৬ সালের মে মাসে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে ক্ষমতায় আসার পর থেকে ২০২৫ সালে চীন তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম সবচেয়ে বড় পরিসরে সম্প্রসারণ করেছে। চীনের প্রকৃত উৎপাদনের পরিমাণ গোপন রাখা হলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত ছিল প্রায় ১ হাজার ২৭৫টি। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ১৫০টিতে। অর্থাৎ এক দশকে এই মজুত বেড়েছে প্রায় ১৪৭ শতাংশ।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি করপোরেশন (সিএএসআইসি) এবং চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের (সিএএসসি) বড় বড় ক্রয়াদেশের কারণে চীনের ক্ষেপণাস্ত্র উৎপাদনশিল্পে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। ২০১৩ সালে এসব প্রতিষ্ঠানের তালিকাভুক্ত যন্ত্রাংশ সরবরাহকারীর সংখ্যা ছিল ৩২টি, যা বর্তমানে বেড়ে ৮১টিতে দাঁড়িয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত রাজস্ব আয় ২০ শতাংশ বেড়ে প্রায় ১৮৯ বিলিয়ন ইউয়ান বা ২৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এসব প্রতিষ্ঠানের প্রায় ৪০ শতাংশ রেকর্ড পরিমাণ বিক্রির তথ্য জানিয়েছে।

সব মিলিয়ে তাইওয়ান প্রণালিতে সম্ভাব্য সংঘাতের ফলাফল শুধু চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা কিংবা যুদ্ধবিমানের প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর করবে না। বরং চীনের প্রথম দফার হামলা মোকাবিলায় তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা টিকে থাকতে পারে, দীর্ঘস্থায়ী যুদ্ধে দুই পক্ষের অস্ত্রের মজুত কত দ্রুত কমে আসে এবং কোন পক্ষ কত দ্রুত নতুন অস্ত্র উৎপাদন করতে পারে-এসব বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাইওয়ান যদি প্রাথমিক হামলার পরও তাদের ভ্রাম্যমাণ ও গোপন প্রতিরক্ষা নেটওয়ার্ক সচল রাখতে পারে, তাহলে চীনের জন্য সামরিক অভিযান পরিচালনা অনেক বেশি ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তবে চীনের বিশাল প্রতিরক্ষা শিল্প ও দ্রুত উৎপাদন সক্ষমতার কারণে তাইওয়ানের কৌশল কতটা কার্যকর হবে, তা এখনো অনিশ্চিত।