সারাবিশ্ব

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন ইসরায়েলি নেতা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন ইসরায়েলি নেতা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতের নির্দেশ অনুযায়ী অর্থ পরিশোধ না করার অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন দেশটির বিরোধী রাজনীতিক ইয়াইর গোলান। আদালতের নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও পাওনা অর্থ পরিশোধ না করায় তাঁর কাছ থেকে অর্থ আদায়ের লক্ষ্যে আইন কার্যকরীকরণ প্রক্রিয়া (এনফোর্সমেন্ট প্রসিডিংস) শুরু করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এই আইনি প্রক্রিয়া শুরু হয়। এর মাধ্যমে সারা নেতানিয়াহুর কাছ থেকে আদালতের নির্দেশিত ২ হাজার ইসরায়েলি শেকেল আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৬ হাজার ৬৬৯ টাকা।

ইয়াইর গোলান ইসরায়েলের রাজনৈতিক দল ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান। দেশটির বিরোধী রাজনীতিতে তিনি বেঞ্জামিন নেতানিয়াহুর একজন সমালোচক হিসেবে পরিচিত। তাঁর পক্ষে এই আইনি প্রক্রিয়া পরিচালনা করছেন ইসরায়েলি আইনজীবী প্রতিষ্ঠান ইবিএন ল’ ফার্মের তিন আইনজীবী-গিওরা এরদিনাস্ত, আলমোগ গিল-অর এবং ইয়াইরদেন শোচাত।

গত ১১ অক্টোবর লড ডিস্ট্রিক্ট কোর্ট সারা নেতানিয়াহুকে মামলার আইনি খরচ বাবদ ২ হাজার শেকেল পরিশোধের নির্দেশ দেন। এর আগে ইয়াইর গোলানের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলাটি খারিজের আবেদন জানিয়েছিলেন সারা। তবে তাঁর সেই আবেদন আদালত প্রত্যাখ্যান করেন। পরবর্তী সময়ে আদালতের নির্দেশ অনুযায়ী অর্থ পরিশোধের বাধ্যবাধকতা তৈরি হয়।

প্রতিবেদন অনুযায়ী, গোলানের আইনজীবীরা সারা নেতানিয়াহুকে গত ১০ নভেম্বরের মধ্যে নির্ধারিত অর্থ পরিশোধের জন্য আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও তিনি অর্থ পরিশোধ করেননি। এ কারণে পাওনা অর্থ আদায়ে এবার আনুষ্ঠানিকভাবে এনফোর্সমেন্ট প্রসিডিংস শুরু করা হয়েছে।

ইয়াইর গোলানের আইনজীবীদের দাবি, সারা নেতানিয়াহুর কাছে অর্থ পরিশোধের জন্য একাধিকবার অনুরোধ জানানো হয়েছিল। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁকে সতর্ক করা হয়। কিন্তু ১০ নভেম্বরের সময়সীমা পার হওয়ার পরও কোনো অর্থ পরিশোধ করা হয়নি। শেষ পর্যন্ত গত ১৫ নভেম্বর তাঁর বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা কার্যকর করার প্রক্রিয়া শুরু করা হয়। 

সারা নেতানিয়াহু ও ইয়াইর গোলানের মধ্যে বিরোধের সূত্রপাত ২০২৬ সালের আগস্টে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-তে দেওয়া এক সাক্ষাৎকারে সারা নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দিন গোলানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ইঙ্গিত দেন, হামলার দিন খুব ভোরেই গোলান ঘটনাস্থলের কাছাকাছি উপস্থিত হয়েছিলেন এবং প্রস্তুত ছিলেন। অথচ প্রধানমন্ত্রীসহ ইসরায়েলের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তখন কী ঘটছে, সে সম্পর্কে অবগত ছিলেন না।

সারার ওই বক্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইয়াইর গোলান। তিনি অভিযোগ করেন, কোনো প্রমাণ ছাড়াই তাঁকে ৭ অক্টোবরের হামলা সম্পর্কে আগে থেকে জানতেন-এমনভাবে উপস্থাপন করা হচ্ছে। গোলানের দাবি, হামলার দিন তিনি নিজের উদ্যোগে দক্ষিণ ইসরায়েলে গিয়ে হামলার শিকার মানুষদের উদ্ধারে অংশ নিয়েছিলেন। তাঁর ভাষায়, যারা মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এসেছিলেন, তাঁদেরই বিশ্বাসঘাতক হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় সারা নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করেন গোলান। মামলায় ২৫ লাখ ৫০ হাজার ইসরায়েলি শেকেল ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে মামলার মূল বিচার এখনো চলমান। আদালত প্রাথমিক পর্যায়ে সারা নেতানিয়াহুর মামলা খারিজের আবেদন প্রত্যাখ্যান করে তাঁকে ২ হাজার শেকেল আইনি খরচ পরিশোধের নির্দেশ দিয়েছেন। 

ইয়াইর গোলান ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ মেজর জেনারেল। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির অর্থনীতি বিষয়ক উপমন্ত্রীর দায়িত্বেও ছিলেন। বর্তমানে তিনি ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান এবং ইসরায়েলের বিরোধী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

এদিকে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অর্থ আদায়ের এই আইনি প্রক্রিয়া শুরুর বিষয়ে তাঁর বা তাঁর আইনজীবীদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আদালতের নির্দেশিত অর্থ পরিশোধ না করার বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক ও আইনি আলোচনা তৈরি হয়েছে ইসরায়েলে।