আইন আদালত

জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র সাঈদ খোকনকে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র সাঈদ খোকনকে
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ২০২৪ সালে রাজধানীর পল্টন থানায় দায়ের করা ওই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর পর বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে ২০২৪ সালে পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে একই দিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে ডিবি পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এসআরবি সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন মোহাম্মদ সাঈদ খোকন। তবে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। পরে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এবার পল্টন থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর মধ্য দিয়ে তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হলো।