সারাদেশ

সিরাজগঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ১১ হাজার বিঘা জমি, চরম দুর্ভোগে হাজারো কৃষক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

সিরাজগঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ১১ হাজার বিঘা জমি, চরম দুর্ভোগে হাজারো কৃষক
ছবি: সংগৃহীত

একসময় যে মাঠজুড়ে দোল খেত সোনালি ধান, ফুটত সরিষার হলুদ ফুল, সেখানে এখন থইথই পানি। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান। বিস্তীর্ণ ফসলের মাঠ পরিণত হয়েছে জলাশয়ে। জমিতে ফসলের পরিবর্তে জন্মেছে আগাছা, ছড়িয়ে পড়েছে কচুরিপানা। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়া, তাড়াশ ও বেলকুচি উপজেলার বিস্তীর্ণ কৃষিজমিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও সেতু ও কালভার্টের মুখে মাটি ফেলে পানিপ্রবাহ বন্ধ করা হয়েছে, আবার কোথাও অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন।

স্থানীয়দের হিসাব অনুযায়ী, জলাবদ্ধতার কারণে তিন উপজেলার প্রায় ১১ হাজার বিঘা তিন ফসলি জমি অনাবাদি পড়ে রয়েছে। বছরের পর বছর এসব জমিতে চাষাবাদ করতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন হাজারো কৃষক। ফসল উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কৃষির ওপর নির্ভরশীল অনেক শ্রমিকও হারিয়েছেন তাঁদের কাজ। একদিকে কৃষকের আয় বন্ধ, অন্যদিকে কৃষিশ্রমিকদের কর্মসংস্থান সংকুচিত হওয়ায় পুরো এলাকার গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর, ক্ষুদ্র সিমলা, কালিকাপুর, খৈশ্বর, জালশুকা, হরিনচরা, পুকুরপাড়, দবিরগঞ্জ, চৈত্রহাটি ও পাঠানপাড়াসহ আশপাশের বিভিন্ন গ্রামে জলাবদ্ধতার ভয়াবহতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত ১০ বছরে এসব এলাকায় পানি নিষ্কাশনের খাল ও কালভার্টের মুখ বন্ধ করে প্রায় ৫০০ বিঘা জায়গাজুড়ে অন্তত ২০০টি পুকুর খনন করা হয়েছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে প্রায় তিন হাজার বিঘা কৃষিজমি জলাবদ্ধতার কবলে পড়েছে। বছরের পর বছর পানি জমে থাকায় এসব জমিতে নিয়মিত চাষাবাদ করা সম্ভব হচ্ছে না।

একই পরিস্থিতি তাড়াশ উপজেলাতেও। উপজেলার ঝুরঝুরি, বোয়ালিয়া, মাধবপুর, পাগলাপাড়া ও মথুরাপুর এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে পুকুর খনন এবং সেতু ও কালভার্টের মুখে মাটি ফেলে পানিপ্রবাহ বন্ধ করে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে প্রায় তিন হাজার বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। গত পাঁচ বছর ধরে এসব এলাকার অনেক কৃষক তাঁদের জমিতে কোনো ধরনের ফসল উৎপাদন করতে পারছেন না।

বেলকুচি উপজেলায় জলাবদ্ধতার চিত্র আরও বিস্তৃত। স্থানীয়দের হিসাবে, এ উপজেলায় প্রায় পাঁচ হাজার বিঘা তিন ফসলি জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে। রাজাপুর, ভাঙ্গাবাড়ী, দৌলতপুর ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে মাইঝাইল পূর্বপাড়া, রাজাপুর পশ্চিম, আমবাড়িয়া, বানিয়াগাতি, ক্ষুদ্র জোকনালা, হাভাইতা খোলা, গোপালপুর, চরকাদহ, বওড়া, আজুগড়া, তেয়াশিয়া ও ধুলগাগড়াখালীসহ বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে পানি জমে রয়েছে। কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় বছরের পর বছর এসব জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।

জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক ও মাঝারি পর্যায়ের কৃষকেরা। যেসব জমিতে বছরে বোরো, আমন ও সরিষাসহ তিন ধরনের ফসল উৎপাদিত হতো, সেসব জমি এখন বছরের বেশির ভাগ সময় পানির নিচে থাকছে। ফলে কৃষকেরা তাঁদের নিয়মিত আয়ের উৎস হারাচ্ছেন। অনেকেই বিভিন্ন ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে পারছেন না। কেউ কেউ বাধ্য হয়ে জমি বিক্রির সিদ্ধান্ত নিলেও জলাবদ্ধ জমির ন্যায্যমূল্য পাচ্ছেন না। অন্যদিকে কৃষিকাজ বন্ধ থাকায় দিনমজুর ও মৌসুমি কৃষিশ্রমিকদেরও কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে।

বেলকুচি উপজেলার কৃষক আফসার আলী, হায়দার আলী ও রমজান শেখ বলেন, একসময় তাঁদের এলাকার জমিতে বছরে বোরো, আমন ও সরিষাসহ তিন ধরনের ফসল উৎপাদিত হতো। এসব ফসল বিক্রির আয় দিয়েই পরিবারের খরচ চলত। কিন্তু পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন অনেক জমিতে কোনো ফসলই ফলানো যাচ্ছে না। দীর্ঘদিন ধরে জমিতে পানি জমে থাকায় তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

উল্লাপাড়া উপজেলার আগরপুর গ্রামের কৃষক এমদাদুল হক ও নজরুল ইসলাম জানান, তাঁদের প্রায় ২০ বিঘা জমি গত পাঁচ বছর ধরে অনাবাদি পড়ে আছে। আগে এসব জমিতে বোরো, আমন ও সরিষার আবাদ করতেন তাঁরা। কিন্তু জলাবদ্ধতার কারণে এখন কোনো ফসলই উৎপাদন করা সম্ভব হচ্ছে না। তাঁদের দাবি, এলাকার সেতুর মুখে জমে থাকা মাটি সরিয়ে পানিপ্রবাহ স্বাভাবিক করা হলে তাঁদের মতো শত শত কৃষক উপকৃত হবেন। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে আগামী দিনেও কৃষিকাজে ফিরে যাওয়ার সম্ভাবনা দেখছেন না তাঁরা।

কৃষকদের অভিযোগ, বিচ্ছিন্নভাবে সাময়িক উদ্যোগ নিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া খাল, সেতু ও কালভার্টের মুখ উন্মুক্ত করতে হবে। অপরিকল্পিত পুকুর খনন বন্ধের পাশাপাশি পানি চলাচলের প্রাকৃতিক পথগুলো সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, দ্রুত উদ্যোগ না নিলে কৃষিজমির পরিমাণ আরও কমে যাবে এবং কৃষিনির্ভর পরিবারগুলো আরও বড় সংকটে পড়বে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, জলাবদ্ধতার কারণে উপজেলার কয়েকটি গ্রামের বিপুল পরিমাণ তিন ফসলি জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। এতে কৃষকেরা দুর্ভোগে পড়েছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহানও জলাবদ্ধতার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তাঁর মতে, দীর্ঘস্থায়ী এ সমস্যার কারণে শুধু কৃষকেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, সামগ্রিক কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, জলাবদ্ধতার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তি স্বার্থে কেউ পানি নিষ্কাশনের পথ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর প্রাকৃতিক কারণে কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকলে তা নিরসনেও উদ্যোগ নেওয়া হবে।

এদিকে কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে স্থায়ী পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলার জন্য তৎপরতা শুরু হয়েছে। খাল খননের মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

তবে কৃষকদের প্রত্যাশা, আশ্বাসের মধ্যেই যেন উদ্যোগ সীমাবদ্ধ না থাকে। দ্রুত বন্ধ খাল ও কালভার্টের মুখ খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে দীর্ঘদিন অনাবাদি পড়ে থাকা জমিতে আবারও ফসল ফলবে, ফিরবে কৃষকের মুখের হাসি।