জাতীয়
নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরতির সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। এ ক্ষেত্রে ব্যক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি। এ সময় তিনি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে অনুসরণ করার জন্য বিশেষভাবে তিনটি বিষয়ে পরামর্শ দেন।
প্রথমত, পরিচ্ছন্নতা বজায় রাখা। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজেদের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন।
দ্বিতীয়ত, বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বর্ষাকালে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। এর মাধ্যমে প্রত্যেকের ব্যক্তিগত উদ্যোগও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উৎসাহিত করেন।
তৃতীয়ত, প্রাণীর প্রতি সদয় আচরণ। পশুপাখিসহ সব ধরনের প্রাণীর প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর প্রতিও যত্নশীল হওয়ার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ইতিহাস, স্থাপত্যশৈলী ও কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। এ সময় সংসদের কার্যক্রম ও আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পান তারা। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা ফটোসেশনে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।