জাতীয়

বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম: ৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম: ৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
ছবি: সংগৃহীত

বিদেশে কর্মী পাঠানোর নামে নানা অনিয়ম, প্রতারণা ও হয়রানির অভিযোগে ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। বিদেশগামী কর্মীদের সঙ্গে প্রতারণা, প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দেওয়া এবং নির্ধারিত বেতন পরিশোধ না করাসহ বিভিন্ন অভিযোগ তদন্তের পর এসব এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের লিখিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর পর অনেকেই প্রতিশ্রুত চাকরি না পাওয়া, ইকামা বা বৈধ কাজের অনুমতিপত্র না পাওয়া এবং চুক্তিতে উল্লেখিত বেতন থেকে কম বেতন পাওয়ার অভিযোগ করছেন। এ ছাড়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আদায়, প্রতিশ্রুতি ভঙ্গ এবং বিদেশে পাঠানোর পর কর্মীদের নানা ধরনের ভোগান্তিতে ফেলার অভিযোগও পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় শুধু কর্মীরাই নন, তাঁদের অভিভাবকেরাও বিভিন্ন সময় সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

তিনি আরও জানান, কর্মী ও তাঁদের পরিবারের কাছ থেকে পাওয়া অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের মাধ্যমে দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, তদন্তে অনিয়ম ও প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

সরকারের এ পদক্ষেপের মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা নিয়ন্ত্রণ এবং বিদেশগামী কর্মীদের স্বার্থ সুরক্ষায় কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার হওয়া কর্মীদের অভিযোগ তদন্ত করে দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।