সারাদেশ
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৬ প্লাটুন বিজিবি
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজিবির যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
রোববার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, গোপালগঞ্জ জেলার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির প্রায় ১৫০ সদস্য মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা রক্ষায় বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, শুধু বিজিবি নয়, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে দ্রুত মোতায়েনের জন্য পুলিশ, এপিবিএন ও আনসার বাহিনীর অতিরিক্ত সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। তিনি স্পষ্ট করে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের জানমাল, ব্যক্তিগত সম্পদ কিংবা সরকারি স্থাপনা ও সম্পত্তির ক্ষতি করার কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা নির্ধারিত এলাকায় দায়িত্ব পালন করবেন।
এদিকে একই প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে।