সারাদেশ

স্বঘোষিত ‘নন-পলাতক’ আ.লীগ শাখার সভাপতি অ্যাডভোকেট কামাল গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

স্বঘোষিত ‘নন-পলাতক’ আ.লীগ শাখার সভাপতি অ্যাডভোকেট কামাল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নন-পলাতক’ শাখার সভাপতি হিসেবে পরিচয় দেওয়া অ্যাডভোকেট কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাবেক পদধারী নেতা এবং বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানা-পুলিশ।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের নিয়ে একের পর এক বিস্ফোরক বক্তব্য ও ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন কামাল উদ্দিন। তার বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ নভেম্বর) রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় তার বাসভবন ঘেরাও করেন একদল বিক্ষুব্ধ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কামাল উদ্দিনের বাসভবন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বিডি২৪লাইভকে বলেন, অ্যাডভোকেট কামাল উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কামাল উদ্দিন একসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের পদধারী নেতা ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন নেতার সমালোচনা করে একাধিক ভিডিও প্রকাশ করতে থাকেন তিনি। এসব ভিডিওতে বিভিন্ন সময় দলটির নেতাকর্মীদের নিয়ে আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্য করেন কামাল উদ্দিন। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে আওয়ামী লীগের ‘নন-পলাতক’ শাখার সভাপতি হিসেবে ঘোষণা দিয়ে পরিচিতি পান তিনি।

তার এমন পরিচয় ও বক্তব্যকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে জানা গেছে। এরই জেরে শুক্রবার রাতে মইজ্জারটেক এলাকায় তার বাসভবন ঘেরাওয়ের ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে গ্রেপ্তার দেখায়।

ঘটনাটি ঘিরে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।