রাজনীতি

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই আওয়ামী লীগ সরকারের আমলের উত্তরাধিকার: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই আওয়ামী লীগ সরকারের আমলের উত্তরাধিকার: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধ আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার এসব অপরাধী চক্রকে আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিয়েছে। বর্তমান সরকার এসব অপরাধের উত্তরাধিকার পেয়েছে। তবে অপরাধ দমনে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় শহরের অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্থাপিত সিসিটিভি ক্যামেরা এবং সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজে কোনো ধরনের অন্যায় ও অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে জন্য পুলিশকে আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে কিশোর গ্যাং, মাদক ব্যবসা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হতো। এমনকি অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ততা ছিল। ফলে এসব অপরাধ সমাজে বিস্তার লাভ করেছে।

শরীফুল আলম বলেন, বর্তমান সরকার অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করবে না। অপরাধের সঙ্গে ক্ষমতাসীন দলের কোনো নেতা-কর্মী জড়িত থাকলেও তাঁকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।