সারাবিশ্ব
হরমুজ প্রণালি ও আশপাশে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। সংঘাত শুরুর পর থেকে এ অঞ্চলে অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। একই সময়ে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা ও নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। ১১ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় এসব নাবিক প্রাণ হারিয়েছেন।
খালেদ খিয়ারি বলেন, ‘এই পরিস্থিতিকে কোনোভাবেই নতুন স্বাভাবিক বাস্তবতা হতে দেওয়া যায় না।’ তিনি হরমুজ প্রণালি ও সংশ্লিষ্ট সামুদ্রিক অঞ্চলে নিরাপদ এবং নির্বিঘ্ন নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে স্বাভাবিক চলাচল বজায় রাখা এখন অত্যন্ত জরুরি।
জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) পরিসংখ্যান অনুযায়ী, গত ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত জলসীমায় জাহাজ-সংশ্লিষ্ট মোট ১৩৬টি নিরাপত্তা ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই ৩৫টি ঘটনা ঘটেছে। নভেম্বরের প্রথম ১১ দিনেই আরও ১০টি ঘটনার তথ্য পাওয়া গেছে। যুদ্ধ শুরুর পর অক্টোবর মাসেই জাহাজের ওপর নিরাপত্তা হামলার ঘটনা সবচেয়ে বেশি ছিল বলে জানিয়েছেন খালেদ খিয়ারি।
এদিকে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইরানের সাম্প্রতিক সামরিক সতর্কবার্তায়। শনিবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণালির ‘অননুমোদিত’ বা ‘নিষিদ্ধ’ এলাকায় চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়। এ ঘটনার পর ইরানের নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে, নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী যেকোনো ট্যাংকার নৌমাইনের হামলার শিকার হতে পারে।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়েও কঠোর অবস্থানে রয়েছে তেহরান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দ করা অর্থ ছাড়সহ বিভিন্ন দাবি পূরণ না করা পর্যন্ত প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা হবে না।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালির প্রধান নৌপথ থেকে মাইন অপসারণ করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি উন্মুক্ত রয়েছে। তবে বাস্তবে নিরাপত্তাঝুঁকি ও সংঘাতের কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদনেও পরিস্থিতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে এমন অচলাবস্থা আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থার ওপর বড় ধরনের চাপ তৈরি করছে।
খালেদ খিয়ারি সতর্ক করে বলেন, এ অঞ্চলের বর্তমান সামুদ্রিক পরিস্থিতি অত্যন্ত ব্যয়বহুল, অনিশ্চিত ও অনিরাপদ হয়ে উঠেছে। নৌ চলাচলে বিঘ্ন ঘটায় জ্বালানি পরিবহন, পণ্য সরবরাহ ও বিমা ব্যয় বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে, তৈরি হচ্ছে মূল্যস্ফীতির বাড়তি চাপ।
বিশেষ করে সার পরিবহনে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন ব্যাহত হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্ব অর্থনীতি, কৃষি উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও দীর্ঘমেয়াদি সংকট তৈরি হতে পারে।