সারাবিশ্ব

দায়িত্ব ছাড়ার আগেই কিউবা ইস্যুর সমাধান চান ট্রাম্প, সামরিক অভিযানেরও হুঁশিয়ারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম

দায়িত্ব ছাড়ার আগেই কিউবা ইস্যুর সমাধান চান ট্রাম্প, সামরিক অভিযানেরও হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৯ সালে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগেই কিউবা ইস্যুর চূড়ান্ত নিষ্পত্তি করতে চান। এ লক্ষ্যে কমিউনিস্ট শাসিত ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন তিনি। প্রয়োজনে দেশটিতে সংক্ষিপ্ত সামরিক অভিযান চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কিউবার বর্তমান পরিস্থিতি তাঁর প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে কিউবাকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ‘আমি বিদায় নেওয়ার আগেই কিউবার বিষয়টি শেষ করতে চাই।’ মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো তাঁর প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে দেশটির বর্তমান সরকারকে উৎখাতের সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত পাওয়া গেছে।

এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রসঙ্গও তুলে ধরেন ট্রাম্প। রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত হওয়ায় কিউবা ইস্যুর সমাধান তাঁর জন্য বিশেষ আনন্দের বিষয় হবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি কিউবায় একটি সীমিত বা সংক্ষিপ্ত সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, এমন পদক্ষেপ তিনি ‘অবশ্যই বিবেচনা করবেন’। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, সরাসরি সামরিক পদক্ষেপের পাশাপাশি কিউবার ওপর অর্থনৈতিক চাপও অব্যাহত রেখেছে ওয়াশিংটন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি মারাত্মক চাপে রয়েছে। বিশেষ করে জ্বালানি সরবরাহে সংকট, বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি কিউবার সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে।

এদিকে, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কিউবার দূতাবাসের বৃহস্পতিবার প্রকাশিত এক প্রাক্কলনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের কারণে কিউবার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার। দেশটির দাবি, মার্কিন নিষেধাজ্ঞা কিউবার অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক লেনদেনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে।

ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর কিউবা-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি সামরিক অভিযানের সম্ভাবনার ইঙ্গিত দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতাকে নতুন মাত্রা দিতে পারে। তবে কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়।