জাতীয়

১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে নারীদের নির্বাচিত করার ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সংসদে সরাসরি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ প্রস্তাব দেন। তিনি বলেন, জাতীয় সংসদে নারীদের জন্য ১০০টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার সুযোগ রাখা উচিত। নারীরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। তাই তাদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করা প্রয়োজন।

নারীশিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় এই বিদ্যালয়েই ছিল প্রথম সচিবালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের ইতিহাসে এ কৃতিত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের শিকড়ের টান কখনো মুছে যায় না। এই বিদ্যালয় থেকে অনেক মেধাবী ও কৃতী শিক্ষার্থী বের হয়েছেন। শিক্ষাজীবনে প্রতিষ্ঠানটি তাদের অনেক কিছু দিয়েছে। এবার বিদ্যালয়ের প্রতি নিজেদের দায়িত্ব পালনের সময় এসেছে। বিশেষ করে অর্থের অভাবে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের পাশে দাঁড়াতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বিলকিস আক্তার জাহান শিরীন। এতে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রবীণ শিক্ষক জাহানারা বেগম, অধ্যাপক শাহ সাজেদা এবং শামীমা মাসুদ মুন্নিসহ আরও অনেকে। বক্তারা বিদ্যালয়ের শত বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, শিক্ষা বিস্তারে অবদান এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্কের নানা দিক তুলে ধরেন।

এর আগে বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দিনব্যাপী আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।